অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধনে দীর্ঘসূত্রতা কমানোর সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এখন থেকে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দিতে হবে। আর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ জন্য নতুন নির্দেশনা জারি করেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাটি গত সোমবার এমন নির্দেশনা জারি করেছে।এ নিয়ে জানতে চাইলে আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত সচিব) আহমেদ উল্লাহ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত, নাগরিকসেবা সহজ ও অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং দাপ্তরিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা আনার উদ্দেশে নির্দেশনাটি দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে নিবন্ধনের আবেদন পাওয়ার তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন দেওয়া সম্ভব না হলে কারণ উল্লেখ করে তা পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে জানিয়ে দেওয়া হবে।আবেদনে কোনো ত্রুটি বা ঘাটতি থাকলে তা সংশোধন বা পূরণের জন্য আবেদনকারীকে ৭ থেকে ১৫ দিনের সময় প্রদান করা হবে এবং আবেদনকারীকে বিষয়টি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।জমে থাকা আবেদনগুলো তিন মাসের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।
সূত্র: প্রথম আলো