গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন একটি জাতীয় কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে জনমত তৈরি ও আন্দোলন জোরদার করতে প্রস্তাবিত এই কমিটিতে বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি জোটভুক্ত দলগুলোর দ্বিতীয় সারির নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদেরও রাখার পরিকল্পনা রয়েছে।
১১-দলীয় ঐক্যের নেতারা বলছেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন ও সংস্কার বাস্তবায়নের দাবিতে জনমত গঠন, বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ও মাঠের কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ বাড়ানোই হবে এই কমিটির মূল লক্ষ্য।জামায়াত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে কমিটি গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
কমিটির সদস্য ও কার্যক্রম নিয়ে একটি খসড়া রূপরেখাও তৈরি হয়েছে।বিরোধী জোটের একাধিক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা জানান, ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন কমিটি’ বা ‘সংস্কার বাস্তবায়ন পরিষদ’ নামে এই কাঠামো গঠনের আলোচনা চলছে।
সূত্র: প্রথম আলো