তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আগামী সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এই সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি প্রস্তাব জমা দেবেন। তবে ওই দিন মালিকপক্ষ মজুরি প্রস্তাব না–ও দিতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক নোটিশে মজুরি বোর্ডের দ্বিতীয় সভার সময়সীমা ঘোষণা করা হয়।
সভার আলোচ্য সূচি হিসেবে নোটিশে বলা হয়, পোশাকশিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও মালিকদের প্রতিনিধি আলাদাভাবে মজুরি প্রস্তাব জমা দেবেন। তারপর মজুরি হারের সুপারিশ প্রণয়নে সদস্যরা আলোচনা করবেন।শ্রমিক আন্দোলনের মুখে গত রোববার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে।
এবারের মজুরি বোর্ডে রয়েছেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
সূত্র: প্রথম আলো