দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে বাংলালিংক। নতুন প্ল্যাটফর্মটির মাধ্যমে টাকা পাঠানোর পাশাপাশি বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করা যাবে। উদ্বোধন উপলক্ষে প্রথম তিন মাস পর্যন্ত বাড়তি চার্জ ছাড়াই টাকা পাঠানো ও বিল পরিশোধ করা যাবে প্ল্যাটফর্মটিতে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনন্দিন লেনদেনে বাড়তি সময়, কষ্ট ও খরচ থেকে গ্রাহকদের মুক্তি দিতে মুক্ত প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন করে যেকোনো অপারেটরের গ্রাহকেরা এ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
আর বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট–সংযোগবিহীন সাধারণ মুঠোফোন থেকে *৫২৫# ডায়াল করে এ সেবা নিতে পারবেন।‘মুক্ত পে’র মাধ্যমে টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং সব অপারেটরের নম্বরে মোবাইল রিচার্জ করা যাবে।
সূত্র: প্রথম আলো