এবার এইচএসসি পরীক্ষায় ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেই পাসের হার কমেছে। উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। আর রাজধানীর একটি কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১১ জন; অর্থাৎ পুরো কুমিল্লা বোর্ডের চেয়ে মাত্র ২ জন কম জিপিএ-৫ পেয়েছেন ঢাকার এই কলেজের শিক্ষার্থীরা।
এই ফল করেছে রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ১৫৬ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে অসুস্থতা ও বিভিন্ন কারণে চারজন সব পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ হিসাবে কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪২ শতাংশ শিক্ষার্থী।এমন ফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার কলেজে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসে উৎসবের আমেজ।
ভালো ফল করা শিক্ষার্থীদের কেউ ছবি তুলছেন, কেউ অভিভাবকদের নিয়ে শিক্ষকদের সঙ্গে দেখা করতে এসেছেন।
সূত্র: প্রথম আলো