সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালককে মারধরের ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা জাহিদ হাসানের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ হবে না।
এ হামলার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন আইইডিসিআরের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর মহাখালীর পুরোনো স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই মানববন্ধন হয়। মামলার বিষয়ে জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জাহিদ হাসান, বাসেদসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করা হয়েছে।
বনানী থানা জানিয়েছে, আইইডিসিআরের পরিচালক নিজেই এ মামলা করেছেন।জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক।
সূত্র: প্রথম আলো