সুনামগঞ্জের জগন্নাথপুরে ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান এলাকার কবরস্থানের পাশে না করতে আবেদন করেছেন স্থানীয় ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’ নামের একটি সংগঠনের সদস্যরা। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে তাঁরা চিঠি দেন। ওই চিঠিতে তাঁরা গান-বাজনাকে অনৈসলামিক বলে উল্লেখ করে অনুষ্ঠান বন্ধের দাবি করেছেন।
বৈষ্ণবকবি রাধারমণ দত্তের সমাধিস্থল–সংলগ্ন এলাকায় গানবাজনা বন্ধের দাবির কথাও আবেদনে বলা হয়েছে।উপজেলার কেশবপুর গ্রামে রাধারমণ দত্তের সমাধিস্থল। বিগত সময়ে গ্রামের বাজারের পাশের খোলা মাঠে তাঁর প্রয়াণদিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।তবে এই আবেদনের সঙ্গে রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান আয়োজনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ইউএনও ইসলাম উদ্দীন।
আজ বুধবার রাত আটটায় মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, প্রশাসনের উদ্যোগে প্রতিবছর ৯ ও ১০ নভেম্বর রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান হয়।
সূত্র: প্রথম আলো