রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মারুফ ওরফে দুখু মিয়া (২০)। পরিবারের সঙ্গে তিনি ধলপুর সিটি পল্লি এলাকায় থাকতেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।মারুফের সহকর্মী নয়ন হোসেন জানান, মারুফ পাতিল তৈরির একটি কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে তাঁরা বাসায় ফিরছিলেন। ধলপুর ওয়াসা গেট এলাকায় এলে হঠাৎ গুলি এসে মারুফের গলার পাশে লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কারা, কী কারণে তাঁকে গুলি করেছেন, তা তিনি বুঝতে পারেননি।মারুফের প্রতিবেশী নূর হোসেন প্রথম আলোকে বলেন, মারুফ কাজ থেকে ফেরার পথে ওয়াসা গেট এলাকায় আসতেই গুলি গায়ে লাগে।
সূত্র: প্রথম আলো