সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসায়বেহকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সমর্থন জানানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে যুক্তরাজ্য। মিডল ইস্ট আই এই তথ্য জানতে পেরেছে।সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও নুসায়বেহর প্রার্থিতা সামনে এসেছে।
আরব আমিরাতের বিরুদ্ধে আধা সামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’কে (আরএসএফ) সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে।জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, এই বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডগুলোতে ‘গণহত্যার সুস্পষ্ট লক্ষণ’ রয়েছে।
তবে ইউএই এই অভিযোগ অস্বীকার করেছে।ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেও নুসায়বেহর প্রার্থিতা সমালোচনার মুখে পড়েছে।যুক্তরাজ্য সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য মহাসচিব পদে নুসায়বেহর প্রার্থিতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
সূত্র: প্রথম আলো