চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সোনা পাচারের চেষ্টাকালে গুলিবিদ্ধ হন জীবননগরের হরিহরনগর গ্রামের মনিরুল।
পরে তাঁকে আটক করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টি যাচাই করছে বিজিবি।বিএসএফ একটি গুলি ছুড়লে বিজিবি পাল্টা দুটি গুলি ছোড়ে বলে জানিয়েছেন ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিজিবি খোঁজখবর নিচ্ছে।বিজিবির এই কর্মকর্তা বলেন, ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে।
সূত্র: প্রথম আলো