চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অভিনেতাদের অস্বস্তি, ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির বিষয়টি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ ধরনের দৃশ্যের শুটিংয়ে অভিনেতাদের সহযোগিতা করতে কাজ করেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর। এবার ‘মির্জাপুর: দ্য মুভি’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা মোহিত মালিক ও অভিনেত্রী রসিকা দুগাল।
তাঁদের ভাষ্য, ইন্টিমেসি কো-অর্ডিনেটরের উপস্থিতিতে কাজটি অনেক বেশি স্বচ্ছন্দ ও পেশাদার হয়ে উঠেছিল। প্রেক্ষাগৃহে সাড়া ফেলা সিনেমাটি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ভারত টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত মালিক জানান, ‘মির্জাপুর: দ্য মুভি’তে অভিনয়ের আগে কখনো অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেননি তিনি। ফলে শুটিংয়ের আগে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে সহ-অভিনেত্রী রসিকা দুগাল তাঁকে স্বচ্ছন্দ হতে সাহায্য করেন।
পাশাপাশি ইন্টিমেসি কো-অর্ডিনেটর অঙ্কিতা পোদ্দার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন।মোহিত জানান, শুটিংয়ের আগে তাঁরা দুজন নিজেদের স্বাচ্ছন্দ্য ও অস্বস্তির জায়গাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সূত্র: প্রথম আলো